মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক | FirstBarta.com
ঢাকা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের জবাবে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, লাইসেন্স বহাল রাখতে তারা কোনো মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরেনি। বরং তাদের বিরুদ্ধে আনা অভিযোগের যথাযথ প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (১৫ জুন) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেন, “মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি। কেন আমরা টাকা নিয়ে ঘুরব? এমন অভিযোগ যিনি করেছেন, তাকেই তা প্রমাণ করতে হবে।”
তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর অনেকগুলোই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রকৃত কারণ নির্ণয়ে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করে, তদন্ত প্রতিবেদনে বেশ কিছু অসঙ্গতি রয়েছে এবং সেগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়।
এ সময় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলে, তারা দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছে এবং এ ধরনের সিদ্ধান্তে সাধারণ রোগীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
উল্লেখ্য, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য জনমনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।











