ব্রাজিলকে রুখে নকআউটের স্বপ্ন দেখছে মরক্কো
স্পোর্টস ডেস্ক | FirstBarta.com
বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্তিশালী ব্রাজিলকে রুখে দিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে মরক্কো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন মরক্কো অধিনায়ক আশরাফ হাকিমি। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, শুধু একটি ম্যাচ নয়, পুরো গ্রুপ পর্বজুড়েই ধারাবাহিকতা বজায় রাখতে হবে দলকে। তাদের লক্ষ্য নকআউট পর্ব নিশ্চিত করা।
ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিলের বিপক্ষে গোছালো ও আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে মরক্কো। পুরো ম্যাচজুড়ে উত্তর আফ্রিকার দলটি শুধু সমানতালে লড়াই করেনি, বরং ব্রাজিলকে চাপে ফেলতেও সক্ষম হয়েছে।
ম্যাচ শেষে বিইন স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় আশরাফ হাকিমি বলেন,
“এটা সহজ ছিল না। আমরা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দলের বিপক্ষে খেলেছি। ম্যাচটি ড্র হয়েছে, তবে আমরা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছি।”
ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া এই ফলকে ইতিবাচক হিসেবে দেখলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ পিএসজি তারকা। তিনি বলেন,
“প্রতিটি ম্যাচে আমাদের আরও উন্নতি করতে হবে। এখন আমরা পরবর্তী ম্যাচের দিকে মনোযোগ দেব। আমরা ভালো খেলেছি এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”
মরক্কো অধিনায়ক আরও বলেন, দলের নেতিবাচক দিকগুলো থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি ইতিবাচক দিকগুলো ধরে রাখতে হবে।
“এখনও আমাদের সামনে দুটি ম্যাচ বাকি রয়েছে এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
অন্যদিকে, মরক্কোর মিডফিল্ডার সামির এল মোরাবেত ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলার অনুভূতিকে শৈশবের স্বপ্নপূরণ বলে উল্লেখ করেন।
তিনি বলেন,
“ব্রাজিলের বিপক্ষে এটি আমাদের জন্য ভালো ফল। আমরা জানি আরও গোল করার সুযোগ ছিল। তবে এটি অনেক ম্যাচের মধ্যে একটি মাত্র ম্যাচ। সামনে আরও সুযোগ আসবে।”
ব্রাজিলের বিপক্ষে ড্র করে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করেছে মরক্কো। এই ফলের মাধ্যমে নকআউট পর্বে ওঠার স্বপ্ন আরও উজ্জ্বল হয়েছে আফ্রিকার প্রতিনিধিদের সামনে। এখন গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে ভালো ফল অর্জন করলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে দলটি।











