প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, দেশে ফিরলেন ডা. জাহেদ
আন্তর্জাতিক ডেস্ক | FirstBarta.com
সরকারি সফরে ভারতে গিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে আটকে দেয় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে অবস্থান না করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ডা. জাহেদের।
বাংলাদেশ হাইকমিশন এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করান।
পরে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে দিল্লিতে প্রবেশের অনুমতি মিললেও তিনি সফর সংক্ষিপ্ত করে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।
এ ঘটনায় এখনো ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বিষয়টি কূটনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।











